Qazi Akash Logo
কাজী আকাশ

নভেম্বরে আসছে যেসব নতুন মুভি-সিরিজ, কোনটি কোথায় দেখবেন

কাজী আকাশ•৩ নভেম্বর, ২০২৬•৯ মিনিট

দ্য রিম্যারিড এমপ্রেস সিরিজের দৃশ্য

নতুন মাস এলেই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে নতুন মুভি ও সিরিজ মুক্তি পায়। নভেম্বরেও তার ব্যতিক্রম হচ্ছে না। অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি, ডিজনি প্লাস, এইচবিও ম্যাক্স, হুলু, প্যারামাউন্ট প্লাস ও পিককের মতো প্রায় সব বড় প্ল্যাটফর্মেই আসছে নতুন কিছু মুভি, সিরিজ ও তথ্যচিত্র। এর মধ্যে আছে জনপ্রিয় সিরিজের নতুন মৌসুম, পুরোনো গল্পের নতুন রূপ, রহস্য-রোমাঞ্চ, ফ্যান্টাসি, কমেডি এবং প্রকৃতিবিষয়ক তথ্যচিত্র।

এ মাসের উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে দ্য রিংস অব পাওয়ার-এর তৃতীয় মৌসুম, ব্লেড রানার ২০৯৯, ইয়েলোজ্যাকেটস-এর শেষ মৌসুম এবং পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ানস-এর নতুন পর্ব। আবার প্রকৃতিপ্রেমীদের জন্য আছে ন্যাশনাল জিওগ্রাফিকের নেকড়েদের নিয়ে নতুন তথ্যচিত্র। কোন প্ল্যাটফর্মে কবে কী আসছে, দেখে নেওয়া যাক।

অ্যামাজন প্রাইম ভিডিও

দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার—তৃতীয় মৌসুম

স্ট্রিমিং শুরু: ১১ নভেম্বর

 জে আর আর টলকিনের বিখ্যাত কল্পজগতের গল্প নিয়ে তৈরি দ্য রিংস অব পাওয়ার ফিরছে তৃতীয় মৌসুম নিয়ে। পাহাড়, দ্বীপ, গুহা আর আগ্নেয়গিরির পটভূমিতে এবারও থাকছে জাদু, যুদ্ধ আর ক্ষমতার লড়াই। সিরিজটির গল্প দ্য লর্ড অব দ্য রিংস চলচ্চিত্রের ঘটনার অনেক আগের সময়ের।

নতুন মৌসুমে অন্ধকারের অধিপতি সৌরন মধ্য-পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে অর্কদের সেনাবাহিনী পাঠাচ্ছে মানুষ ও এলভদের বিরুদ্ধে। অন্যদিকে এলভ গ্যালাড্রিয়েল ও এলরন্ড সম্ভাব্য মিত্র খুঁজতে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। সেসব রাজ্যের অনেকগুলোতেই চলছে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ। সৌরনের লক্ষ্য আরও বড়। সে এমন এক শক্তিশালী আংটি তৈরির রহস্য জানতে চাইছে, যার ক্ষমতার সামনে অন্য সব রাজনৈতিক হিসাব অর্থহীন হয়ে যেতে পারে।

 
দ্য রিং অব পাওয়ার সিরিজের দৃশ্য

ব্লেড রানার ২০৯৯

স্ট্রিমিং শুরু: ২৫ নভেম্বর

 ১৯৮২ সালের ব্লেড রানার চলচ্চিত্রের গল্পের প্রায় ৮০ বছর পরের পৃথিবী নিয়ে তৈরি হয়েছে এই নতুন সিরিজ। প্রযুক্তিতে অনেক এগিয়ে যাওয়া ভবিষ্যতের পৃথিবী এখানে দেখা যাবে।

এই সিরিজের বড় পরিবর্তন হলো মানুষ ও তাদের তৈরি কৃত্রিম মানবসদৃশ প্রাণী রেপ্লিক্যান্ট। এদের মধ্যে ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। এখন সমাজের নিয়ন্ত্রণ অনেকটাই রেপ্লিক্যান্টদের হাতে। তাদের কেউ কেউ নিজেদের প্রজাতির বিবর্তনের পরবর্তী ধাপ খুঁজছে। মিশেল ইয়ো অভিনয় করেছেন ওলওয়েন চরিত্রে। সে নিজেও একজন রেপ্লিক্যান্ট, যার আয়ু শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। অন্যদিকে হান্টার শ্যাফার অভিনয় করেছেন কোরার চরিত্রে। সে মানুষ হলেও যন্ত্রের ছদ্মবেশে থাকে। রহস্যময় রেপ্লিক্যান্টদের খুঁজে বের করার এক অভিযানে ওলওয়েনের সঙ্গী হয় কোরাও।

এ ছাড়া নভেম্বরে আসছে:

৪ নভেম্বর: দ্য গ্রেটেস্ট

৫ নভেম্বর: টেরেল অ্যান্ড টি.ও.

৬ নভেম্বর: ক্যাম্পাস ড্রাইভার্স (প্রথম মৌসুম), ডেভিলস ক্রেস্ট (প্রথম মৌসুম)

১৫ নভেম্বর: দ্য চোজেন (ষষ্ঠ মৌসুম)

১৮ নভেম্বর: ম্যাডেন

২৩ নভেম্বর: ক্ল্যাশিং থ্রু দ্য স্নো

৩০ নভেম্বর: দ্য বয় হু স্টোল বিলিয়নস?

অ্যাপল টিভি

১২ ১২ ১২

স্ট্রিমিং শুরু: ১৩ নভেম্বর

 নামটি একটু অদ্ভুত মনে হতে পারে। তবে এই নামের মধ্যেই লুকিয়ে আছে সিরিজটির গল্পের কাঠামো। তিনটি আলাদা সময়কে কেন্দ্র করে এগোবে এই থ্রিলার সিরিজ। প্রথম গল্পে আছে সুইজারল্যান্ডের জুরিখে একটি বড় ব্যাংক ডাকাতির পরিকল্পনা। পল গ্যালভিন ও তার ভাই ববি এই ডাকাতির পরিকল্পনা করতে সময় নেয় ১২ মাস। দ্বিতীয় গল্পে দেখা যাবে, ডাকাতির কাজটি শেষ করতে তাদের হাতে আছে মাত্র ১২ ঘণ্টা। আর তৃতীয় গল্পে এফবিআই এজেন্ট জ্যাক স্ট্রিকল্যান্ডের হাতে অপরাধীদের ধরার জন্য সময় মাত্র ১২ দিন।

প্রতিটি পর্বে এই তিনটি গল্প একটু একটু করে সামনে এগোবে। ধীরে ধীরে প্রকাশ পাবে অপরাধী, পুলিশ ও তাদের সহযোগীদের মধ্যে লুকিয়ে থাকা নানা যোগসূত্র। এখানে মানুষদের প্রথম দেখায় যেমন মনে হয়, আসলে সে তেমন নয়। সিরিজটির নির্মাতা ডুডি অ্যাপলটন ও জিম কিবল।

১২ ১২ ১২ সিরিজের দৃশ্য

এ ছাড়া নভেম্বরে আসছে:

৪ নভেম্বর: স্টিক (দ্বিতীয় মৌসুম)

৬ নভেম্বর: অকওয়াফিনা: দ্য আনলাইকলি কুক (প্রথম মৌসুম)

১৩ নভেম্বর: বিইং হিউম্যান, স্নুপি প্রেজেন্টস: ১২ ডেজ অব স্নুপি

২০ নভেম্বর: ওয়ে অব দ্য ওয়ারিয়র কিড

ডিজনি প্লাস

উলভস আপ ক্লোজ উইথ বার্টি গ্রেগরি

স্ট্রিমিং শুরু: ৬ নভেম্বর

 বন্য প্রাণীর জীবন দেখতে ভালোবাসলে এই তথ্যচিত্রটি আপনার তালিকায় রাখতে পারেন। এমি পুরস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতা ও বন্য প্রাণীর আলোকচিত্রী বার্টি গ্রেগরি ন্যাশনাল জিওগ্রাফিকের হয়ে কাজ করেন। দুর্গম অঞ্চলে প্রাণীদের জীবন ধারণ করতে তিনি ব্যবহার করেন বিশেষ ক্যামেরা ও নানা আধুনিক কৌশল।

নতুন এই তথ্যচিত্রে গ্রেগরি ও তাঁর দল অনুসরণ করেছে একটি নেকড়ের দলকে। দলটি তখন একটি বিশাল মুজ হরিণের পিছু নিয়েছে। কানাডার আর্কটিক অঞ্চলের প্রচণ্ড শীত, বরফে ঢাকা পরিবেশ এবং সেখানে টিকে থাকার সংগ্রাম উঠে আসবে এই চলচ্চিত্রে। শুধু বন্য প্রাণী নয়, পৃথিবীর উত্তর প্রান্তের কঠিন পরিবেশে মানুষের জীবনও দেখা যাবে এখানে। জলবায়ুর পরিবর্তনে অঞ্চলটির পরিবেশ ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। সেই পরিস্থিতিতে মানুষ ও প্রাণীরা কীভাবে টিকে আছে, সেটিও তুলে ধরবে তথ্যচিত্রটি।

এ ছাড়া নভেম্বরে আসছে:

১৪ নভেম্বর: আ প্রাউড ফ্যামিলি উইজমাস, এক্সপেডিশন: সেভিং আওয়ার সিজ

১৬ নভেম্বর: ব্লুই ফ্যান্সি রেস্টুরেন্ট (প্রথম মৌসুম)

১৭ নভেম্বর: হাউ দ্য টিউডরস লস্ট দেয়ার হেডস (প্রথম মৌসুম)

২০ নভেম্বর: পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ানস (তৃতীয় মৌসুম)

২১ নভেম্বর: মিরাকুলাস টেলস অব লেডিবাগ অ্যান্ড ক্যাট নোয়ার (সপ্তম মৌসুম)

২৭ নভেম্বর: মিকিজ হোম অ্যালোন

এইচবিও ম্যাক্স

দ্য গিল্ডেড এজ—চতুর্থ মৌসুম

স্ট্রিমিং শুরু: ১ নভেম্বর

 উনিশ শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সমাজ ও রাজনীতিতে বড় পরিবর্তন আসছিল। একদিকে দ্রুত ধনী হয়ে ওঠা ব্যবসায়ী ও শিল্পপতিরা, অন্যদিকে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন। পুরোনো ধনী পরিবারগুলোর সঙ্গে নতুন ধনীদের দ্বন্দ্বও তখন তুঙ্গে। যুক্তরাষ্ট্র কি ইউরোপের সংস্কৃতির অনুকরণ করেই এগোবে, নাকি নিজের আলাদা পরিচয় তৈরি করবে?

এই সময়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে দ্য গিল্ডেড এজ। জুলিয়ান ফেলোস ও সোনজা ওয়ারফিল্ডের নির্মিত সিরিজটির নতুন মৌসুমেও দেখা যাবে ১৮৮০-এর দশকের নিউইয়র্ক শহর। সামাজিক ও রাজনৈতিক ষড়যন্ত্র, প্রেম, পারিবারিক দ্বন্দ্ব আর ক্ষমতার লড়াইয়ের পাশাপাশি সিরিজটির অন্যতম আকর্ষণ জমকালো পোশাক ও টুপি। ব্রডওয়ের অভিনয়শিল্পীদের অভিনয়ে সে সময়ের অভিজাত সমাজের জীবনযাপনও ফুটে উঠবে।

এ ছাড়া নভেম্বরে আসছে:

৪ নভেম্বর: হ্যারি পটার: উইজার্ডস অব বেকিং (তৃতীয় মৌসুম)

৮ নভেম্বর: সিটি অব গড: দ্য ফাইট রেজেস অন (দ্বিতীয় মৌসুম)

১৩ নভেম্বর: ক্ল্যাংগোল্ড (প্রথম মৌসুম), ম্যানিয়াকস অব দ্য ট্রুথ (প্রথম মৌসুম), সাইলেন্ট নাইট

১৭ নভেম্বর: হোয়েন আ উইটনেস রিক্যান্টস

১৮ নভেম্বর: দ্য হটলাইন

২০ নভেম্বর: টনি

২৪ নভেম্বর: দ্য বাফেলো মিরাকল

২৫ নভেম্বর: দ্য স্লাইটেস্ট টাচ

২৭ নভেম্বর: দ্য কার্সড জু, দ্য লিনারেস ফাইলস

হুলু

দ্য রিম্যারিড এমপ্রেস—প্রথম মৌসুম

স্ট্রিমিং শুরু: ৪ নভেম্বর

 দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ওয়েব উপন্যাস অবলম্বনে তৈরি এই ফ্যান্টাসি রোমান্স সিরিজের গল্প এক সম্রাট ও সম্রাজ্ঞীর ভেঙে পড়া দাম্পত্য সম্পর্ক ঘিরে। তাঁদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন একসময় রাজ্যের ভবিষ্যৎকেও বিপদের মুখে ফেলতে পারে।

শিন মিন-আ অভিনয় করেছেন সম্রাজ্ঞী নাভিয়ের চরিত্রে। সন্তান ধারণে সমস্যার কারণে তাঁর স্বামী সম্রাট সোভিয়েশু অন্য এক নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। নাম রাস্তা। সে একসময় দাসত্বের জীবন থেকে পালিয়ে এসেছিল। সোভিয়েশুই তাকে উদ্ধার করেছিলেন। পরে সম্রাট যখন নাভিয়ের কাছে বিবাহবিচ্ছেদ চান, নাভিয়ে রাজি হন। তবে তাঁরও একটি শর্ত আছে। তিনি নিজেও বিয়ে করবেন সম্রাটের প্রতিদ্বন্দ্বী রাজপুত্র হেইনরিকে।

রাজপরিবারের ক্ষমতার দ্বন্দ্ব, প্রেম, প্রতারণা আর রাজনৈতিক ষড়যন্ত্রের পাশাপাশি সিরিজটিতে আছে জাদু ও জাদুকরি প্রাণীর মতো ফ্যান্টাসি উপাদান। ফলে এটি নিছক রাজপরিবারের প্রেমের গল্প নয়, বরং রূপকথার আবহে তৈরি এক জটিল সম্পর্কের কাহিনি।

এ ছাড়া নভেম্বরে আসছে:

৩ নভেম্বর: হাই কান্ট্রি (দ্বিতীয় মৌসুম)

৪ নভেম্বর: অলস ফেয়ার (দ্বিতীয় মৌসুম)

১০ নভেম্বর: গেট হিউজ: লুক্সম্যাক্সিং টু ডেথ

১১ নভেম্বর: রাইভালস (দ্বিতীয় মৌসুম, দ্বিতীয় পর্ব)

১২ নভেম্বর: দ্য সিক্রেট লাইভস অব মরমন ওয়াইভস: অরেঞ্জ কাউন্টি (প্রথম মৌসুম)

১৫ নভেম্বর: কল অব দ্য নাইট (দ্বিতীয় মৌসুম), হিরো উইদাউট আ ক্লাস: হু ইভেন নিডস স্কিলস? (দ্বিতীয় মৌসুম)

১৮ নভেম্বর: ভিয়েনা গেম (প্রথম মৌসুম)

এমজিএম প্লাস

নিউ ওয়েভ

স্ট্রিমিং শুরু: ২৩ নভেম্বর

 সত্তরের দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঙ্ক রকের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। খুব বেশি নিয়মকানুন না মেনে, নিজের মতো করে গান তৈরি ও পরিবেশনের প্রবণতা ছিল এই সংগীতধারার অন্যতম বৈশিষ্ট্য। পরে এই ভাবনা থেকেই তৈরি হয় নতুন এক সংগীতধারা—নিউ ওয়েভ।

নিউ ওয়েভ তথ্যচিত্রে জন টেইলর

১৯৭৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত সময়কে কেন্দ্র করে তৈরি হয়েছে চার পর্বের এই তথ্যচিত্র সিরিজ। নিউ ওয়েভ সংগীতের নানা দিক উঠে আসবে এতে। নাচের গান, পরীক্ষামূলক সংগীত, জনপ্রিয় পপ কিংবা মঞ্চ-উপস্থাপনার ধারণা ভেঙে দেওয়া শিল্পীদের কাজ রয়েছে এই ধারার ইতিহাসে।

তথ্যচিত্রটিতে সাক্ষাৎকার দিয়েছেন বিলি আইডল, বব গেলডফ, ড্যানি এলফম্যান, জনি মার, মার্ক মাদারসব, স্টুয়ার্ট কোপল্যান্ড ও থমাস ডলবির মতো সংগীতশিল্পীরা।

এ ছাড়া নভেম্বরে আসছে

২২ নভেম্বর: সিক্রেট সার্ভিস (প্রথম মৌসুম)

প্যারামাউন্ট প্লাস

ইয়েলোজ্যাকেটস—চতুর্থ ও শেষ মৌসুম

স্ট্রিমিং শুরু: ২০ নভেম্বর

২০২১ সালে শুরু হওয়া রহস্য-থ্রিলার সিরিজ ইয়েলোজ্যাকেটস এবার শেষ হচ্ছে চতুর্থ মৌসুমে। গল্পের কেন্দ্রে আছে একদল নারী, যাঁরা ২৫ বছর আগের একটি ভয়ংকর অভিজ্ঞতা থেকে এখনো বেরিয়ে আসতে পারেননি।

কৈশোরে তাঁদের বহনকারী বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর তাঁরা এক দুর্গম বন্য পরিবেশে আটকা পড়ে। খাবার ও প্রয়োজনীয় জিনিসের অভাব, বিচ্ছিন্নতা এবং বেঁচে থাকার সংগ্রাম তাঁদের আচরণে অদ্ভুত ও ভয়ংকর পরিবর্তন আনে। সেই সময়ের অভিজ্ঞতা পরবর্তী জীবনে তাঁদের সম্পর্ক, কাজ ও মানসিক অবস্থাকে কীভাবে প্রভাবিত করেছে, তা নিয়েই সিরিজটির গল্প।

শেষ মৌসুমে কিশোর বয়সের সেই অদ্ভুত ও সহিংস ঘটনাগুলোর সঙ্গে বর্তমান জীবনের নানা ঘটনার যোগসূত্র সামনে আসবে। এত দিন ধরে জমে থাকা রহস্যগুলোর উত্তরও মিলবে বলে আশা করা হচ্ছে।

ইয়েলোজ্যাকেটস সিরিজের দৃশ্য

এ ছাড়া নভেম্বরে আসছে:

৫ নভেম্বর: বিগ জনস বশ! ফ্যামিলি (প্রথম মৌসুম)

৬ নভেম্বর: ইট গেটস ওয়ার্স (প্রথম মৌসুম)

১২ নভেম্বর: দ্য জিগস পাজল মার্ডার

১৭ নভেম্বর: হি সেড, শি সেড: টিল ডেথ ডু আস পার্ট

২৬ নভেম্বর: দ্য জে-লো শো

পিকক

দ্য গুড ডটার

স্ট্রিমিং শুরু: ১২ নভেম্বর

 অপরাধবিষয়ক উপন্যাস লেখক কারিন স্লটারের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই রহস্য-থ্রিলার মিনিসিরিজ। গল্পের কেন্দ্রে দুই বোন। ছোটবেলায় নিজেদের বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ একটি ঘটনার সাক্ষী হয়েছিল তারা। বহু বছর পেরিয়ে গেলেও সেই ঘটনার প্রভাব তাদের জীবন থেকে মুছে যায়নি।

মেগান ফাহি অভিনয় করেছেন চার্লট কুইন চরিত্রে। সে একজন আইনজীবী। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের যে ছোট শহরে তার বেড়ে ওঠা, সেখানেই এখন কাজ করে। তার বাবা রাস্টি কুইন একজন ফৌজদারি মামলার আইনজীবী। তবে শহরে তাঁর অনেক শত্রুও রয়েছে।

একদিন চার্লট আবারও একটি ভয়ংকর ঘটনার সাক্ষী হয়। একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। কিন্তু চার্লট যা দেখেছে বলে জানায়, দুর্নীতিগ্রস্ত স্থানীয় পুলিশ তার সঙ্গে মেলে না। এ সময় তার বোন সামান্থা পরিবারের সংকট সামাল দিতে ফিরে আসে। অতীতের রহস্য আর বর্তমানের অপরাধের যোগসূত্র খুঁজতে গিয়ে দুই বোনের সামনে আসতে থাকে নতুন তথ্য।

ছয় পর্বের এই সিরিজের সব কটি পর্বের চিত্রনাট্য লিখেছেন কারিন স্লটার। পরিচালনা করেছেন স্টেফ গ্রিন।

দ্য গুড ডটার সিরিজের দৃশ্য

 

ডিগ—প্রথম মৌসুম

স্ট্রিমিং শুরু: ২৩ নভেম্বর

পার্কস অ্যান্ড রিক্রিয়েশন সিরিজের সহনির্মাতা মাইকেল শুর ও সেই সিরিজের অভিনেত্রী অ্যামি পোহলার আবার একসঙ্গে কাজ করছেন এই কমেডি সিরিজে। কেট মায়ার্সের উপন্যাস এক্সকাভেশনস অবলম্বনে তৈরি হয়েছে ডিগ।

অ্যামি পোহলার অভিনয় করেছেন এলিস চরিত্রে। সে একজন দক্ষ প্রত্নতত্ত্ববিদ। কিন্তু বছরের পর বছর কাজ করেও তাকে সব সময় ছাপিয়ে যান খ্যাতিমান অধ্যাপক নেভিল। নেভিল অবসর নেবেন বলে বারবার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা করেন না।

এলিসের সঙ্গে কাজ করে আরও তিনজন—ডিলান, ক্লেয়ার ও প্যাটি। গ্রিসের একটি প্রত্নতাত্ত্বিক খননস্থলে কাজ করতে গিয়ে তারা এমন একটি আবিষ্কার করে, যা গোপন রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সিদ্ধান্ত থেকেই জড়িয়ে পড়ে জটিল এক রহস্যে।

কমেডির সঙ্গে রহস্য ও প্রত্নতত্ত্বের মিশেল থাকায় সিরিজটি বেশ আলাদা হতে পারে। নিউ গার্ল ও অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং-এর লেখক জে জে ফিলবিনও সিরিজটির নির্মাণে যুক্ত আছেন।

এ ছাড়া নভেম্বরে আসছে:

১ নভেম্বর: ও.জে.’স অ্যাকমপ্লিস

৩ নভেম্বর: দ্য ফল অ্যান্ড রাইজ অব রেগি ডিঙ্কিনস (দ্বিতীয় মৌসুম), সেন্ট ডেনিস মেডিক্যাল (তৃতীয় মৌসুম)

৬ নভেম্বর: দ্য আপরাইজিং

১৯ নভেম্বর: নেলি অ্যান্ড আশান্তি: উই বিলং টুগেদার (দ্বিতীয় মৌসুম)

 

সূত্র: নিউইয়র্ক টাইমস

আপনার মতামত জানান

মন্তব্যসমূহ

লগইন করা ব্যবহারকারীরা এই ব্লগে মন্তব্য করতে পারবেন।

লোড হচ্ছে
এখনও কোনো মন্তব্য নেই।