Qazi Akash Logo
কাজী আকাশ

কবে, কখন দেওয়া হবে নোবেল পুরস্কার, দেখে নিন একনজরে

কাজী আকাশ•২৬ সেপ্টেম্বর, ২০২৬•২ মিনিট

বিশ্বের সবচেয়ে আলোচিত পুরস্কারগুলোর মধ্যে অন্যতম নোবেল পুরস্কার। প্রতিবছর অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয় এর বিজয়ীদের নাম ঘোষণার পালা। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১২ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হবে ২০২৬ সালের নোবেলজয়ীদের নাম।

চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্ব, পদার্থবিজ্ঞান ও রসায়ন—বিজ্ঞানের এই তিন বিভাগে কারা নোবেল পাচ্ছেন, তা জানা যাবে প্রথম তিন দিনেই। এরপর পর্যায়ক্রমে ঘোষণা করা হবে সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে পুরস্কারজয়ীদের নাম। নোবেল পুরস্কারের মূল পাঁচটি বিভাগ ছিল পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্ব, সাহিত্য এবং শান্তি। অর্থনীতির পুরস্কারটি পরে ১৯৬৮ সালে চালু করা হয়।

এবারের ঘোষণা শুরু হবে ৫ অক্টোবর, সোমবার। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ঘোষণা করা হবে চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেলজয়ীর নাম। পরদিন ৬ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে জানা যাবে পদার্থবিজ্ঞানের নোবেলজয়ীর নাম। এরপর**** ৭ অক্টোবর, বুধবার একই সময়ে ঘোষণা করা হবে রসায়নে নোবেলজয়ীর নাম। সাহিত্য নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে ৮ অক্টোবর, বিকেল ৫টায়। ৯ অক্টোবর বিকেল ৩টায় ঘোষণা করা হবে শান্তিতে নোবেলজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। সবশেষ অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে ১২ অক্টোবর, ৩টা ৪৫ মিনিটে। অর্থাৎ, অক্টোবরের প্রথম সপ্তাহজুড়েই নোবেল পুরস্কার ঘিরে থাকবে বিশ্বজুড়ে নানা আলোচনা।

এবার পুরস্কারের অর্থমূল্যও বেড়েছে। প্রত্যেক বিভাগে নোবেলজয়ী পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। কোনো পুরস্কার একাধিক ব্যক্তি পেলে এই অর্থ তাঁদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

একনজরে ২০২৬ সালের নোবেল ঘোষণা

৫ অক্টোবর, সোমবার: চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্ব, বিকেল ৩টা ৩০ মিনিট

৬ অক্টোবর, মঙ্গলবার: পদার্থবিজ্ঞান, বিকেল ৩টা ৪৫ মিনিট

৭ অক্টোবর, বুধবার: রসায়ন, বিকেল ৩টা ৪৫ মিনিট

৮ অক্টোবর, বৃহস্পতিবার: সাহিত্য, বিকেল ৫টা

৯ অক্টোবর, শুক্রবার: শান্তি, বিকেল ৩টা

১২ অক্টোবর, রোববার: অর্থনীতি, বিকেল ৩টা ৪৫ মিনিট

আপনার মতামত জানান

মন্তব্যসমূহ

লগইন করা ব্যবহারকারীরা এই ব্লগে মন্তব্য করতে পারবেন।

লোড হচ্ছে
এখনও কোনো মন্তব্য নেই।