Qazi Akash Logo
কাজী আকাশ

দক্ষিণ আফ্রিকার মাটিতে রান করা বাংলাদেশের জন্য এত কঠিন কেন

কাজী আকাশ•১৫ নভেম্বর, ২০২৬•৮ মিনিট

দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাট করা যে কঠিন, তার বড় প্রমাণ বাংলাদেশ কখনো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে স্বাগতিকদের হারাতে পারেনি। শুধু জয় না পাওয়াই নয়, সেখানে প্রতিবারই ব্যাট হাতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। পরিসংখ্যান বলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের ১৬ ম্যাচের ১৪টিতেই হার, বাকি দুটি ম্যাচ ড্র। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা আটটি টেস্টের আটটিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতে হার ইনিংস ব্যবধানে। দুই দলের ড্র হওয়া ম্যাচ দুটিও হয়েছিল ২০১৫ সালে বাংলাদেশে, তা-ও বৃষ্টির কারণে।

প্রশ্ন হলো, দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটিং করতে এত সমস্যা হয় কেন? বাংলাদেশের ব্যাটাররা কি সেখানে গেলেই নিজেদের স্বাভাবিক খেলা হারিয়ে ফেলেন? নাকি পিচ, আবহাওয়া আর প্রতিপক্ষের বোলিংয়ের ধরনই তৈরি করে দেয় বাড়তি চ্যালেঞ্জ? উত্তর খুঁজতে হলে একটু বুঝতে হবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটপিচের বৈশিষ্ট্য এবং সেখানে বলের আচরণ কেমন হয়।

পিচের বাউন্সই প্রথম চ্যালেঞ্জ

দক্ষিণ আফ্রিকার অধিকাংশ পরিচিত টেস্ট ভেন্যুর পিচে গতি ও বাউন্স থাকে। বিশেষ করে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স ও সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কের মতো মাঠে পেসাররা সাধারণত বাড়তি সুবিধা পান। এসব পিচের অনেকগুলোই বেশ শক্ত ও দৃঢ়। ফলে বল মাটিতে পড়ার পর দ্রুতগতিতে ব্যাটারের দিকে আসে এবং তুলনামূলক বেশি উচ্চতায় লাফিয়ে উঠতে পারে।

এখানেই বাংলাদেশের ব্যাটারদের প্রথম সমস্যা। বাংলাদেশের পিচে সাধারণত বল অতটা লাফিয়ে ওঠে না। বিশেষ করে স্পিননির্ভর উইকেটে তুলনামূলক কম বাউন্স হয়। এমন পিচে খেলেই বাংলাদেশের ব্যাটাররা অভ্যস্ত। বাংলাদেশের পিচে বল মাটিতে পড়ার পর কিছুটা ধীরে আসে। ফলে সামনের পায়ে ভর দিয়ে ড্রাইভ করা, কাট কিংবা ফ্লিক খেলার সুযোগ তৈরি হয়।

কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়ে একই ধরনের শট খেলতে গেলেই বিপদ হতে পারে। কারণ, ব্যাটার যে উচ্চতায় বল আসবে বলে ধারণা করছেন, বাস্তবে সেটি তার চেয়ে অনেক ওপরে উঠে আসতে পারে। বল ব্যাটের মাঝখানে না লেগে ওপরের অংশে লেগে ক্যাচ হয়ে যায়। আবার বলের গতি বেশি থাকায় ব্যাটাররা ঠিক সামলে উঠতে হিমশিম খান।

বিশেষ করে ভালো লেংথের বল এখানে বেশ বিপজ্জনক হয়ে ওঠে। উপমহাদেশে যে বল হয়তো ব্যাটার সহজেই সামনে এগিয়ে এসে খেলতে পারতেন, দক্ষিণ আফ্রিকায় সেটিই শরীরের কাছাকাছি উঠে আসতে পারে। তখন সামনের পায়ে খেলার পরিকল্পনা বদলে দ্রুত পেছনের পায়ে গিয়ে বল সামলাতে হয়। পিচও এখানে আরেক সমস্যার নাম।

ঘাসের পিচে বলের দিক বদলে যায় কেন

দক্ষিণ আফ্রিকার কিছু পিচে ঘাস রেখে দেওয়া হয়। কারণ, ঘাস পেস বোলারদের সাহায্য করে। বিশেষ করে বলের সেলাই করা অংশ পিচের ঘাসের সঙ্গে সংস্পর্শে এলে বল পাশের দিকে সরে যেতে পারে। ক্রিকেটে একে বলা হয় সিম মুভমেন্ট।

একটু সহজ করে বলা যাক। টেস্ট ক্রিকেটে ব্যবহৃত লাল বলের মাঝ বরাবর একটি উঁচু সেলাই থাকে। বোলার বল ছাড়ার সময় সেলাইয়ের দিক ঠিক রাখতে পারলে পিচে পড়ার পর বল একদিকে সরে যায়। পিচে ঘাস থাকলে বলের সিম সেই ঘাসে আঁকড়ে ধরতে পারে। ফলে বল সোজা না গিয়ে ডান বা বাঁ দিকে সরে যেতে পারে।

এ ছাড়া বল বাতাসে কেটে এগিয়ে যাওয়ার সময়ও দিক পরিবর্তন করতে পারে। একে বলে সুইং। বলের দুই পাশের অবস্থার পার্থক্য, সেলাইয়ের অবস্থান এবং বাতাসের পরিস্থিতি এতে ভূমিকা রাখে। তবে সুইং ও সিম মুভমেন্ট এক জিনিস নয়। প্রথমটি ঘটে বাতাসে, দ্বিতীয়টি পিচে পড়ার পর।

ঘাসযুক্ত পিচে এই সিম মুভমেন্টের কারণে ব্যাটারকে বাড়তি সতর্ক থাকতে হয়। বাইরে পড়ে ভেতরে ঢোকা বল অথবা অফ স্টাম্পের বাইরে পড়ে আরও বাইরে সরে যাওয়া বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগতে পারে। পেছনে স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারদের হাতে চলে যেতে পারে ক্যাচ।

বিবিসির ক্রিকেট-বিশ্লেষণেও বলা হয়েছে, পিচে ঘাস বেশি থাকলে বল পাশের দিকে বেশি সরে যেতে পারে। একই সঙ্গে বলের বাউন্স ও ক্যারি তুলনামূলক ভালো হয়। অর্থাৎ, ব্যাটারকে একসঙ্গে দুটি বিষয় সামলাতে হয়—বল কতটা লাফাবে এবং কোন দিকে সরে যাবে।

শর্ট বলের বিপদ

দক্ষিণ আফ্রিকার পেসারদের আরেকটি বড় অস্ত্র হলো শর্ট বল। বাড়তি বাউন্সের কারণে ভালো গতির একটি বল ব্যাটারের বুক কিংবা কাঁধের উচ্চতায় উঠে আসতে পারে। কখনো মাথার কাছাকাছিও চলে আসে। তখন ব্যাটারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় বল ছেড়ে দেবেন, নিচু হবেন, নাকি ব্যাট চালাবেন?

এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় খুব কম থাকে। একটু দেরি হলেই বিপদ। আবার প্রতিটি শর্ট বল আক্রমণাত্মক শট খেলে মোকাবিলা করতে গেলেও বিপদ বাড়ে। কারণ, বলের গতি ও বাউন্সের কারণে ব্যাটের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে।

২০১৭ সালে বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারানোর পর বিষয়টি নিয়ে কথা বলেছিলেন দক্ষিণ আফ্রিকার তৎকালীন অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকার পিচে বাড়তি বাউন্স সামলাতে না পারা বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় সমস্যা ছিল। শর্ট বলের ভয় কাটিয়ে সেটি মোকাবিলার জন্য নির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছিলেন তিনি।

এই সমস্যাটি কেবল বাংলাদেশের নয়। উপমহাদেশের অনেক দলের ব্যাটারকেই দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতো দেশে গিয়ে বাড়তি বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে হয়। কারণ, সেখানে ব্যাটারদের পরিচিত পরিবেশের তুলনায় বল অনেক বেশি লাফিয়ে ওঠে।

সামলাতে হয় ধারাবাহিক চাপও

শুধু তাঁদের বলের গতি নয়, ধারাবাহিকভাবে একই জায়গায় বল ফেলার ক্ষমতাও দক্ষিণ আফ্রিকার পেসারদের ভয়ংকর করে তোলে। একজন বোলার ভালো বল করার পর অন্যজন এসে অনেক রান দিলে ব্যাটাররা কঠিন বল খেলবেন কেন! কিন্তু দুজনই যদি একইরকম ভালো করেন, তখন ব্যাটারদের রিস্ক নিয়ে কঠিন বলও খেলতে হয়। দক্ষিণ আফ্রিকা ঠিক এই কাজটিই করে। একের পর এক  ভালো বল করে ব্যাটারদের চাপে ফেলে দেয়।

ধরা যাক, একজন পেসার অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে বল করছেন। ব্যাটারকে প্রতিটি বল সতর্কভাবে খেলতে হচ্ছে। এরপর অন্য প্রান্ত থেকে আরেকজন পেসার শর্ট বল ও লেংথ বলের মিশ্রণে চাপ তৈরি করছেন। একটানা এমন পরিস্থিতিতে ব্যাটার মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। কখনো ধৈর্য হারিয়ে বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়ে বসেন।

টেস্ট ক্রিকেটে ভালো ব্যাটিংয়ের একটি বড় শর্ত হলো দীর্ঘ সময় ক্রিজে টিকে থাকা। দক্ষিণ আফ্রিকায় সেটিই কঠিন হয়ে যায়। ২০২২ সালের সফরের আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল হকও বলেছিলেন, সেখানে ভালো করতে হলে দীর্ঘ সময় ব্যাট করতে হবে। ছয়-সাতটি সেশন ব্যাট করার মতো ধৈর্য ও মানসিক প্রস্তুতি প্রয়োজন।

এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাটাররা অনেক সময় নিজেদের পরিচিত পরিবেশে ভালো খেললেও বিদেশের মাটিতে একই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না। কারণ, প্রতিপক্ষের বোলারদের দক্ষতার পাশাপাশি প্রতিটি বলের আচরণ বুঝে খেলার অভ্যাসও তৈরি করতে হয়।

পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকার কঠিন পরীক্ষা

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটিং কতটা কঠিন, তা বোঝার জন্য আগের সফরগুলোর দিকে তাকানো যায়। ২০০২-০৩ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ২০০৮-০৯ সালের সফরেও দুটি টেস্টে ইনিংস ব্যবধানে হার। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ৩৩৩ রানে এবং ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে হারে বাংলাদেশ।

২০২২ সালের সফরেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। ডারবানে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। পরের টেস্টে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮০ রান। দুটি ম্যাচেই বড় ব্যবধানে হারে দলটি।

ব্যাটারদের ব্যক্তিগত পরিসংখ্যানও খুব একটা আশাব্যঞ্জক নয়। এই ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে অন্তত পাঁচ ইনিংস ব্যাট করেছেন, এমন বাংলাদেশের কোনো ব্যাটারের গড় ২৫-এ পৌঁছায়নি। এই তালিকায় লিটন দাসের গড় সর্বোচ্চ, ২৪.২৭। অর্থাৎ, বাংলাদেশের সেরা ব্যাটারদের জন্যও সেখানে ধারাবাহিকভাবে রান করা কঠিন হয়েছে।

তবে একটি বিষয় মনে রাখতে হবে, দক্ষিণ আফ্রিকার পিচ মানেই সব সময় পেসারদের রাজত্ব নয়। সময়ের সঙ্গে পিচের চরিত্র বদলায়। ম্যাচ যত এগোয়, পিচের ওপর তত ক্ষয় তৈরি হয়। তখন স্পিনাররাও কার্যকর হয়ে উঠতে পারেন।

এর ভালো উদাহরণ ২০২২ সালের বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ। ওই দুই টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ও সাইমন হারমার মিলে ৪০ উইকেটের ২৯টিই নিয়েছিলেন। অর্থাৎ, শুরুতে পেস ও বাউন্সের চ্যালেঞ্জ সামলালেও ম্যাচের পরের দিকে স্পিনের বিপক্ষেও প্রস্তুত থাকতে হয় ব্যাটারদের।

বাংলাদেশের ব্যাটারদের কোথায় পরিবর্তন দরকার

দক্ষিণ আফ্রিকায় ভালো করতে হলে বাংলাদেশের ব্যাটারদের নিজেদের খেলার ধরনে কিছু পরিবর্তন আনতে হবে। সেখানে গিয়ে প্রতিটি বলেই রান করার চেষ্টা করলে চলবে না। বরং কোন বল খেলা উচিত, কোনটি ছেড়ে দেওয়া উচিত এবং কোন বল থেকে রান নেওয়া সম্ভব, সেটি বুঝে খেলতে হবে।

বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বলের ক্ষেত্রে ধৈর্য জরুরি। প্রতিটি বলেই ব্যাট লাগানোর চেষ্টা করলে স্লিপে ক্যাচ দেওয়ার ঝুঁকি বাড়ে। আবার শর্ট বল মোকাবিলায়ও নির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। কখনো নিচু হতে হবে, কখনো বল ছেড়ে দিতে হবে, আবার সুযোগ বুঝে পেছনের পায়ে গিয়ে কাট বা পুল খেলতে হবে।

এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতি। দক্ষিণ আফ্রিকার মতো দেশে গিয়ে কয়েক দিন অনুশীলন করেই সেখানকার পিচে অভ্যস্ত হওয়া কঠিন। নিয়মিত সফর, ‘এ’ দলের ম্যাচ, বয়সভিত্তিক দলের খেলা এবং স্থানীয় পরিবেশে অনুশীলনের মাধ্যমে এই অভিজ্ঞতা তৈরি করতে হয়।

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জিও ২০১৭ সালে বলেছিলেন, বাংলাদেশের ব্যাটারদের দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় আরও বেশি সফর করা প্রয়োজন। এতে বাড়তি গতি, বাউন্স এবং আগ্রাসী বোলিংয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

লড়াইটা অভ্যাসেরও

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার পেছনে একটিমাত্র কারণ নেই। পিচের বাড়তি বাউন্স, বলের গতি, সিম মুভমেন্ট, শর্ট বল সামলানোর চ্যালেঞ্জ, প্রতিপক্ষের বোলিংয়ের মান এবং পর্যাপ্ত প্রস্তুতির অভাবে ব্যাটিং কঠিন হয়ে ওঠে।

তবে এই পরিস্থিতি যে বদলানো অসম্ভব, তা নয়। বাংলাদেশ এরই মধ্যে বিদেশের মাটিতে টেস্ট জিতেছে। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো দলের বিপক্ষেও তাদের সাফল্য আছে। অর্থাৎ, দেশের বাইরে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য বাংলাদেশের আছে।

এবারের সফরে প্রথম টেস্ট জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে, দ্বিতীয়টি সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। দুটি ভেন্যুতেই ব্যাটারদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের বিপক্ষে শুরুতে উইকেট না হারিয়ে ধৈর্য ধরে খেলা হবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেখানেই ব্যার্থ। ০, ২ ও ২২ রানে বাংলাদেশের প্রথম তিন উইকেট হারায়।

বাংলাদেশের ব্যাটারদের জন্য তাই কাজটা শুধু কয়েকটি ভালো শট খেলা নয়, বরং কয়েক ঘণ্টা ধরে একই মনোযোগ ধরে রাখা, খারাপ বলের অপেক্ষা করা এবং প্রতিপক্ষের বোলারদের পরিকল্পনা বুঝে খেলা। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের অপেক্ষা ঘোচাতে হলে এই মানসিকতা ও দক্ষতার জায়গাতেই সবচেয়ে বড় উন্নতি দরকার।

আপনার মতামত জানান

মন্তব্যসমূহ

লগইন করা ব্যবহারকারীরা এই ব্লগে মন্তব্য করতে পারবেন।

লোড হচ্ছে
এখনও কোনো মন্তব্য নেই।