Qazi Akash Logo
কাজী আকাশ

মহাকাশ এখন আধুনিক রণক্ষেত্র, পৃথিবীর যুদ্ধ কীভাবে পৌঁছাল মহাশূন্যে

কাজী আকাশ•৮ নভেম্বর, ২০২৬•৪ মিনিট

ভলগা নদীর তীরে রুশ শহর সামারা। ১৫ আগস্টের ভোরে সেখানকার বাসিন্দারা যখন বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলেন, তখন আকাশে কুণ্ডলী পাকিয়ে উড়ছে কালো ধোঁয়া। ক্রেমলিন শুরুতে টার্গেট নিয়ে লুকোচুরি করলেও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে সব পরিষ্কার হয়ে যায়। ইউক্রেনের দুটি ‘ফ্লেমিঙ্গো’ মিসাইল সরাসরি আঘাত হেনেছে প্রোগ্রেস রকেট অ্যান্ড স্পেস সেন্টারে। এখানেই তৈরি হয় রাশিয়ার বিখ্যাত সয়ুজ-২ রকেট। মিসাইল দুটি স্পেস সেন্টারের ‘১০৬এ’ নামে একটি ভবনে আছড়ে পড়ে। একে বলা হয় ক্লিন রুম। এই রুমেই সয়ুজ লঞ্চ সিস্টেমের স্পর্শকাতর মাদারবোর্ডগুলো সংযোজন করা হতো।

বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন লেখালেখি করতে গিয়ে একটা ব্যাপার আমি খুব কাছ থেকে খেয়াল করছি। আধুনিক যুদ্ধের সংজ্ঞাই এখন পুরোপুরি পাল্টে গেছে। ড্রোন আর সেন্সরের এই যুগে যুদ্ধ কেবল মাটি বা সাগরের বুকে সীমাবদ্ধ নেই। কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা কিংবা ইউরোপজুড়ে হাইব্রিড যুদ্ধের প্রভাব আমরা আগেই দেখেছি। কিন্তু সামারার এই হামলা প্রমাণ করে দিল, যুদ্ধের ভৌগোলিক সীমানা এখন প্রসারিত হয়ে মহাশূন্যে গিয়ে ঠেকেছে। আধুনিক সমরাস্ত্রগুলো মহাকাশের স্যাটেলাইটের ওপর এতটাই নির্ভরশীল যে, শত্রুর স্যাটেলাইট নেটওয়ার্ক অচল করে দেওয়াটাই এখন যুদ্ধের সবচেয়ে বড় কৌশল।

সামারার ওই হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি সরাসরি আঘাত হেনেছিল রাশিয়ার নতুন ‘রাসভেত’ স্যাটেলাইট সিস্টেমের রকেটগুলোর ওপর। রাসভেত মূলত ইলোন মাস্কের স্টারলিংকের রুশ বিকল্প। স্টারলিংক থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পর রাশিয়া তড়িঘড়ি করে এই বিকল্প স্যাটেলাইট নেটওয়ার্ক মহাকাশে পাঠাচ্ছে।

শুধু রাসভেত নয়, রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের আরও বেশ কয়েকটি স্থাপনায় ইউক্রেন এ বছর হামলা চালিয়েছে। এর মধ্যে আছে মস্কোর উত্তরের বিশাল কমপ্লেক্স করোলিওভ এবং ক্রিমিয়ায় রাশিয়ার দখলে থাকা একটি রেডিও টেলিস্কোপ।

রাশিয়াও মহাকাশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে ছাড়ছে না। তারা এর মধ্যেই অন্তত তিনবার ‘ওরেশনিক’ নামের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এটি এমন এক সিস্টেম, যা পৃথিবীর বায়ুমণ্ডলের ঠিক বাইরের স্তরে গিয়ে একাধিক বোমা টার্গেটে ছুড়তে পারে। যদিও শুরুতে এই প্রযুক্তি পারমাণবিক অস্ত্রের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু কবে কে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, সে জন্য কেন ইউক্রেন-রাশিয়া বসে থাকবে!

মহাকাশ যুদ্ধের এই নতুন বাস্তবতায় ইউক্রেন বেশ বিপাকেই পড়েছিল। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও স্টারলিংকের ওপর অতি-নির্ভরশীলতা তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ইলোন মাস্ক যখন হঠাৎ করে ইউক্রেনে স্টারলিংকের ডেটা স্পিড কমিয়ে দিল, তখন তাদের সামরিক যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ধস নামে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, একটা দেশের সামরিক কমান্ড যদি কোনো বাণিজ্যিক কোম্পানির খামখেয়ালির ওপর নির্ভর করে, তবে তা কতটা বিপজ্জনক হতে পারে!

এই তিক্ত অভিজ্ঞতা থেকে ইউক্রেন এখন নিজেদের স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির দিকে ঝুঁকছে। তারা ডেনমার্কের গোমস্পেসের সঙ্গে মিলে ‘ওবরিয়া ন্যানো’ নামের একটি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠিয়েছে। এটি তাদের নিজস্ব স্বাধীন যোগাযোগ নেটওয়ার্কের প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট। তাদের পরিকল্পনা আছে এমন অন্তত ২৪৫টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর।

একই সঙ্গে রাশিয়ার ওরেশনিক মিসাইল ঠেকাতে ইউক্রেন পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে গিয়ে মিসাইল ধ্বংস করার প্রযুক্তির অন্তত তিনটি পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের পার্লামেন্টারি ডিফেন্স কমিটির সাবকমিটির প্রধান ফেদির ভেনিস্লাভস্কির মতে, এই প্রযুক্তি হাতে পাওয়া এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে যুদ্ধের এই ডামাডোলে এর বিশাল খরচের জোগান দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মহাকাশের এই লড়াইয়ে আসলে কোনো সুনির্দিষ্ট নিয়মকানুন নেই। মহাকাশ চুক্তিগুলো অনেক পুরোনো এবং আজকের দিনের বাণিজ্যিক ও সামরিক বাস্তবতার সঙ্গে একেবারেই বেমানান। গত সেপ্টেম্বরে মার্কিন বিমান বাহিনীর সেক্রেটারি ট্রয় মেংক প্রথমবারের মতো স্বীকার করেন, যুক্তরাষ্ট্র কক্ষপথে স্পেস কন্ট্রোল ওয়েপন মোতায়েন করেছে।

এর কিছুদিন পরই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রাশিয়ার ‘কসমস ২৬১২’ নামের একটি স্যাটেলাইট হঠাৎ করেই ফিনল্যান্ডের আইসআই কোম্পানির একটি বাণিজ্যিক রাডার স্যাটেলাইটের দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যায়। আইসআই স্যাটেলাইটটি ইউক্রেনের সেনাবাহিনীকে ত্রিমাত্রিক ম্যাপিংয়ের তথ্য দিয়ে সাহায্য করে। বিশেষজ্ঞরা একে সরাসরি স্পেস-বুলিং আখ্যা দিয়েছেন। সুইডিশ ডিফেন্স ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ড. এলেনা গ্রসফেল্ডের মতে, এই হয়রানির একটা উদ্দেশ্য হতে পারে ফিনিশ স্যাটেলাইটটিকে তার পথ বদলাতে বাধ্য করা। সত্যিই যদি ফিনিশ স্যাটেলাইট পথ বদলায়, তাহলে দ্রুত ওটার জ্বালানি ফুরিয়ে যাবে এবং মেয়াদ শেষ হওয়ার আগেই ধ্বংস হয়ে যাবে। বুদ্ধিটা কিন্তু বেশ!

রাশিয়া মহাকাশে আরও নানা কৌশল ব্যবহার করছে। জিপিএস সিগন্যাল জ্যাম করে দেওয়া, লেজার মেরে স্যাটেলাইট সাময়িকভাবে অন্ধ করে দেওয়া কিংবা বিদেশি স্যাটেলাইটের কাছাকাছি নিজেদের ‘ইন্সপেক্টর’ গুপ্তচর স্যাটেলাইট বসিয়ে দেওয়ার মতো কাজ তারা হরহামেশাই করছে।

সিকিউর ওয়ার্ল্ড ফাউন্ডেশনের স্পেস সিকিউরিটি প্রোগ্রামের প্রধান ভিক্টোরিয়া স্যামসন দারুণ একটা বিষয় সামনে এনেছেন। তাঁর মতে, গত এক দশকে মহাকাশ স্পেসএক্স বা ব্লু অরিজিনের মতো বাণিজ্যিক কোম্পানির হাতে চলে গেছে। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর ইলোন মাস্কের খামখেয়ালিপনা প্রমাণ করেছে, আদর্শগতভাবে পক্ষপাতদুষ্ট বাণিজ্যিক কোম্পানির ওপর ভরসা করা বোকামি। এর ফলেই এখন ইউরোপিয়ান থেকে শুরু করে ইউক্রেনীয় বা রুশরা নিজেদের নিজস্ব ‘স্টারলিংক’ বানাতে মরিয়া হয়ে উঠেছে।

সায়েন্স ফিকশন বইয়ে অনেক মহাকাশ যুদ্ধের কথা পড়েছি। কিন্তু সেগুলোর বেশিরভাগই ভবিষ্যতের কথা বলত। মানে মহাকাশ যুদ্ধ হবে ভবিষ্যতে। সেই ভবিষ্যত হয়তো এখন আসলেই  এসে গেছে। বাস্তবতা হলো, আমরা ইতিমধ্যেই সেই ভবিষ্যতে বাস করছি। মহাকাশে শুরু হওয়া এই নতুন লড়াই শুধু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; আগামী দিনে বিশ্বরাজনীতির পুরো সমীকরণই হয়তো মহাকাশ থেকে নিয়ন্ত্রিত হবে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগসমূহ:#মহাকাশ#আপডেট

আপনার মতামত জানান

মন্তব্যসমূহ

লগইন করা ব্যবহারকারীরা এই ব্লগে মন্তব্য করতে পারবেন।

লোড হচ্ছে
এখনও কোনো মন্তব্য নেই।