Qazi Akash Logo
কাজী আকাশ

বেটিং বিতর্কে ব্যালন ডি’অর, আড়াই কোটি টাকার বাজি

কাজী আকাশ•৩১ অক্টোবর, ২০২৬•৪ মিনিট

এ বছর ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন, খবরটা এখন সবার জানা। গত ২৬ অক্টোবর দিবাগত রাতে এই পুরস্কার দেওয়া হয় লন্ডন প্যালাডিয়ামের মঞ্চে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ তখন সেখানে। কিন্তু মঞ্চের এই উত্তেজনার আড়ালে, ইন্টারনেটের এক অন্ধকার জগতে আগেই লেখা হয়ে গিয়েছিল এই চিত্রনাট্য! কেউ একজন বা কোনো একটি চক্র আগে থেকেই জানত ঠিক কী হতে যাচ্ছে। শুধু জানতই না, সেই গোপন তথ্য কাজে লাগিয়ে রীতিমতো বাজিমাত করেছে তারা। হাতিয়ে নিয়েছে প্রায় ১ লাখ ৪৯ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আড়াই কোটি টাকার সমান।

ফুটবল বিশ্বে ব্যালন ডি'অর নিয়ে বরাবরই একধরনের কড়া গোপনীয়তা বজায় রাখা হয়। ১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এই পুরস্কার দিয়ে আসছে। কে কত ভোট পেলেন, কে কত নম্বরে থাকলেন তা পুরস্কার ঘোষণার আগপর্যন্ত জানার কোনো উপায় থাকে না। কিন্তু এবারের অনুষ্ঠানে সেই গোপনীয়তার দেয়াল যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ফরাসি সংবাদমাধ্যম আপসাইড-এর এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য।

ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পলিমার্কেট। এটি মূলত ক্রিপ্টোকারেন্সিভিত্তিক একটি আমেরিকান প্রেডিকশন মার্কেট। এখানে মানুষ বিভিন্ন বৈশ্বিক ঘটনার ভবিষ্যৎ নিয়ে বাজি ধরতে পারে। আপসাইডের অনুসন্ধানে দেখা গেছে, ২৬ অক্টোবরের মূল অনুষ্ঠানের আগে এই পলিমার্কেটে ১২টি সন্দেহজনক অ্যাকাউন্ট থেকে বাজি ধরা হয়। বাজির মোট অঙ্ক ছিল ২ লাখ ৬৪ হাজার ডলারেরও বেশি। তারা শুধু হ্যারি কেইন জিতবেন, সেটাই বলেনি; বরং এক থেকে পঞ্চম স্থানে থাকা তারকাদের নাম একদম ক্রমানুসারে নিখুঁতভাবে মিলিয়ে দেয়।

আপনি হয়তো ভাবতে পারেন, ফুটবলের খোঁজখবর রাখলে এমন অনুমান তো যে কেউই করতে পারে। কিন্তু শীর্ষ পাঁচজনের নাম হুবহু এক, দুই, তিন, চার এবং পাঁচ নম্বর সিরিয়ালে মিলিয়ে দেওয়াটা কোনো সাধারণ অনুমান হতে পারে না। এর পেছনের অঙ্কটা বেশ জটিল, এখানে কাকতালীয় ব্যাপার থাকার সম্ভাবনা প্রায় শূন্য। অ্যাকাউন্টগুলো তাদের টাকা বিভিন্ন সম্ভাব্য ফলাফলের ওপর ছড়িয়ে দেয়নি, বরং একটি নির্দিষ্ট ছকেই সব টাকা ঢেলেছে। প্রথমে কেইন, দ্বিতীয় এমবাপ্পে, ইয়ামাল তৃতীয়, রদ্রি চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকবেন মেসি; এমন ভবিষ্যদ্বানী করেছে তারা।

আপসাইডের সহপ্রতিষ্ঠাতা রাফায়েল পতার্দ জানিয়েছেন, তাঁর দল ১ থেকে ২০ অক্টোবরের মধ্যে খোলা ১২টি পলিমার্কেট অ্যাকাউন্ট শনাক্ত করেছে। এই অ্যাকাউন্টগুলোর কাজের ধরন ছিল অদ্ভুত। ১২টির মধ্যে ৭টি অ্যাকাউন্ট ব্যালন ডি'অর ছাড়া আর কোনো বাজিতে অংশই নেয়নি। আরও অবাক করার বিষয় হলো, ৬টি অ্যাকাউন্ট খোলার মাত্র ১৫ মিনিটের মাথায় বাজি ধরে বসে! তদন্তকারীদের তাই জোরালো সন্দেহ, এই অ্যাকাউন্টগুলোর পেছনে কোনো একজন ব্যক্তি বা একটি নির্দিষ্ট চক্রই কাজ করছে।

বাজিকরদের কৌশলটাও ছিল খুব চতুর। আপসাইডের তথ্যমতে, একটি অ্যাকাউন্ট প্রথমে হ্যারি কেইনের জয়ের ওপর ৩৭ সেন্ট দরে একটি কন্ট্রাক্ট কেনে। পরে যখন বাজারে কেইনের জয়ের সম্ভাবনা বেড়ে যায় এবং দাম ৬৭ সেন্টে পৌঁছায়, তখন তারা সেটি বিক্রি করে দেয়। এরপর সেই লাভের টাকা তারা নির্দিষ্ট অবস্থানের ওপর বাজি ধরতে কাজে লাগায়। যেমন, লামিন ইয়ামাল তৃতীয় হবেন, এমন সুনির্দিষ্ট বাজি ধরে। এই লেনদেনগুলো প্রমাণ করে, বাজারের অবস্থা বুঝে তারা খুব সুকৌশলে নিজেদের বাজির ছক বদলেছে।

ক্রিপ্টোকারেন্সির লেনদেন সাধারণ ব্যাংকের মতো নয়। এখানে পরিচয় গোপন রাখা সহজ হলেও, ব্লকচেইন প্রযুক্তির কারণে লেনদেনের পথ ধরে এগোনো যায়। রাফায়েল পতার্দের দল ঠিক এই কাজটাই করেছে। তারা একটি লেনদেনের সূত্র ধরে ফ্রান্সের একটি প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। ব্লকচেইন লেনদেন ও ওয়ালেট ঠিকানা শেয়ার করার পর ওই ফরাসি প্ল্যাটফর্ম নিশ্চিত করেছে, তারা সন্দেহজনক বাজিগুলোতে টাকা জোগানো একটি অ্যাকাউন্টের পেছনের ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছে। ওই ব্যক্তির নাম এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তবে এই পরিচয় শনাক্ত হওয়ার ঘটনাটি পুরো চক্রটিকে ধরার ক্ষেত্রে বড় একটি ব্রেকথ্রু হতে পারে।

আপসাইড তাদের এই চাঞ্চল্যকর প্রতিবেদনটি তুলে দিয়েছে ব্যালন ডি'অরের আয়োজক ফ্রান্স ফুটবল এবং তাদের মালিকানা প্রতিষ্ঠান গ্রুপ আমোরির হাতে। ৩০ অক্টোবর বিকেলেই নিশ্চিত করা হয়েছে, পুরো ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে। এমনকি ফরাসি পুলিশকেও বিষয়টি জানানো হবে। ফ্রান্স ফুটবলের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে তারা এখনো মুখ খোলেনি।

ফুটবলের সবচেয়ে জাঁকজমকপূর্ণ রাতের আগে এমন ফল ফাঁসের ঘটনা সত্যিই নজিরবিহীন। এটি শুধু ফ্রান্স ফুটবলের সম্মানেই আঘাত হানেনি, বরং ফুটবল অঙ্গনের স্বচ্ছতা নিয়েও বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার বিষয়, ফরাসি পুলিশের তদন্তে কেঁচো খুঁড়তে গিয়ে কোন বড় সাপ বেরিয়ে আসে!

 

সূত্র: দ্য গার্ডিয়ান

আপনার মতামত জানান

মন্তব্যসমূহ

লগইন করা ব্যবহারকারীরা এই ব্লগে মন্তব্য করতে পারবেন।

লোড হচ্ছে
এখনও কোনো মন্তব্য নেই।