
মেক্সিকোর রাজধানীর প্রধান চত্বর জোকালোতে তৈরি করা হয়েছে এটি। ইস্পাত ও ফাইবারগ্লাস দিয়ে বানানো বিশাল ভাস্কর্যটি দাঁড় করাতে কাজ করেছেন প্রায় ১৪০ জন মানুষ। এর বেগুনি পোশাকের দৈর্ঘ্যই ৮৮ ফুটের বেশি। পায়ের কাছে তৈরি করা হয়েছে মৃতদের স্মরণে বিশেষ বেদি, নাম অফ্রেন্দা। সেই বেদির চারপাশে সাজানো হয়েছে প্রায় ৭০ হাজার গাঁদাফুল। ফুলগুলো এসেছে মেক্সিকো সিটির জোচিমিলকো এলাকা থেকে।
এত আয়োজনের পেছনে আছে মেক্সিকোর এক বিশেষ উৎসব—ডে অব দ্য ডেড। স্প্যানিশ ভাষায় দিয়া দে লস মুয়ের্তোস। প্রতি বছর ১ ও ২ নভেম্বর পালিত হয় এই উৎসব। এই দুই দিন মেক্সিকোর মানুষ তাঁদের মৃত পরিবারের সদস্য ও প্রিয়জনদের স্মরণ করেন। তাঁদের কাছে মৃত্যু মানে শুধু বিচ্ছেদ নয়, প্রিয় মানুষদের স্মৃতি ফিরে দেখারও উপলক্ষ।
মেক্সিকোর ডে অব দ্য ডেড উৎসবের দৃশ্য অন্য রকম। রাস্তাঘাট সাজানো হয় রঙিন সাজে। অনেকেই কঙ্কালের মতো পোশাক পরেন, মুখে আঁকেন খুলির নকশা। বাড়িতে কিংবা জনসমাগমের জায়গায় তৈরি হয় অফ্রেন্দা। অর্থাৎ, মৃত স্বজনদের স্মরণে বেদি সাজান। সেখানে রাখা হয় তাঁদের ছবি, প্রিয় খাবার, মোমবাতি ও ফুল। পরিবারের মানুষজন একসঙ্গে বসে মৃত স্বজনদের গল্প করেন, তাঁদের স্মৃতি মনে করেন।
এই উৎসবের শিকড় কোথায়, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে অবশ্য মতভেদ আছে। কেউ মনে করেন, এর সঙ্গে মেক্সিকোর আদিবাসী জনগোষ্ঠীর প্রাক্-স্প্যানিশ ঐতিহ্যের গভীর সম্পর্ক রয়েছে। আবার কারও মতে, স্প্যানিশদের নিয়ে আসা ধর্মীয় ও সাংস্কৃতিক রীতির সঙ্গে মিশে তুলনামূলক আধুনিক সময়ে উৎসবটির এই রূপ তৈরি হয়েছে। তবে এর উৎপত্তি নিয়ে বিতর্ক থাকলেও মেক্সিকোর সংস্কৃতিতে উৎসবটির গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এটি দেশটির সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় উৎসবগুলোর একটি।
কঙ্কাল নারী ক্যাটরিনা এলেন কীভাবে
বিশাল এই ভাস্কর্যের নাম লা ক্যাটরিনা। ডে অব দ্য ডেড উৎসবের সবচেয়ে পরিচিত প্রতীকগুলোর একটি। কিন্তু কঙ্কাল নারীকে ঘিরে এই চরিত্রের শুরুটা হয়েছিল শিল্পীর আঁকা একটি ছবি থেকে।
বিশ শতকের শুরুর দিকে মেক্সিকোর চিত্রকর হোসে গুয়াদালুপে পোসাদা একটি কঙ্কাল নারীর ছবি আঁকেন। নাম দেন লা কালাভেরা ক্যাটরিনা, যার অর্থ অনেকটা ‘অভিজাত কঙ্কাল নারী’। ছবিতে দেখা যায়, এক নারীর কঙ্কাল পরেছে ফ্যাশনেবল পোশাক। পোসাদার ছবিটি প্রকাশিত হয় তাঁর মৃত্যুর পর।
ছবিটির পেছনে ছিল সমাজের প্রতি একটি ব্যঙ্গ। সে সময় মেক্সিকোর উচ্চবিত্ত নারীদের একাংশ ইউরোপীয় ফ্যাশন ও জীবনযাপন অনুকরণ করতে আগ্রহী ছিলেন। পোসাদার কঙ্কাল নারী যেন তাঁদের সেই প্রবণতাকেই বিদ্রূপ করেছিল। পোশাক-আশাক দিয়ে আভিজাত্য দেখানো যায়, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু সবার জন্যই সমান, কঙ্কাল নারীর ছবিতে এমন একটি বার্তাও খুঁজে পান শিল্প-ইতিহাসবিদেরা।
পরে ১৯৪৬ থেকে ১৯৪৭ সালের মধ্যে মেক্সিকোর বিখ্যাত ম্যুরালশিল্পী দিয়েগো রিভেরা তাঁর একটি ম্যুরালে ক্যাটরিনা চরিত্রটিকে আরও বিস্তৃতভাবে তুলে ধরেন। এরপর ধীরে ধীরে লা ক্যাটরিনা মেক্সিকোর শিল্প ও সংস্কৃতির পরিচিত প্রতীকে পরিণত হয়। ডে অব দ্য ডেড উৎসবেও জায়গা করে নেয় তার নানা রূপ।
গাঁদাফুলের পথ ধরে কি ফিরে আসেন মৃতেরা
লা ক্যাটরিনার চারপাশে যে হাজার হাজার গাঁদাফুল সাজানো হয়েছে, সেগুলোও নিছক সৌন্দর্যের জন্য নয়। মেক্সিকোয় এই ফুলের বিশেষ সাংস্কৃতিক গুরুত্ব আছে। স্থানীয়ভাবে ফুলটি সেম্পাসুচিল (Cempasúchil) নামে পরিচিত।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গাঁদাফুলের উজ্জ্বল রং ও তীব্র গন্ধ মৃত স্বজনদের আত্মাকে বাড়ি ফিরে আসার পথ চিনিয়ে দেয়। তাই ডে অব দ্য ডেড উৎসবে বাড়ি, বেদি ও সমাধি সাজাতে এই ফুল ব্যবহার করা হয়। মেক্সিকো সিটির বিশাল ভাস্কর্যের পাদদেশেও ফুলের এমন আয়োজন উৎসবটির ঐতিহ্যকেই সামনে এনেছে।
তবে এই ১১০ ফুটের কঙ্কাল নারী চিরকাল দাঁড়িয়ে থাকবে না। ডে অব দ্য ডেড উপলক্ষে তৈরি করা হয়েছে অস্থায়ী এই স্থাপনা। দর্শনার্থীরা ২ নভেম্বর পর্যন্ত ভাস্কর্যটি ও তার চারপাশের স্মৃতিবেদি দেখতে পেরেছেন। উৎসব শেষে এটি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
মৃত্যুকে ঘিরে মানুষের ভয় ও শোকের গল্প পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই আছে। মেক্সিকোর ডে অব দ্য ডেড সেই গল্পে যোগ করেছে রং, ফুল, গান আর স্মৃতির আয়োজন। আর ১১ তলা উঁচু লা ক্যাটরিনা যেন সেই সংস্কৃতিরই এক বিশাল প্রতিচ্ছবি, যেখানে কঙ্কালের মুখেও লেগে আছে উৎসবের সাজ।
সূত্র: পপুলার সায়েন্স
আপনার মতামত জানান
সম্পর্কিত অন্যান্য লেখা
মন্তব্যসমূহ
লগইন করা ব্যবহারকারীরা এই ব্লগে মন্তব্য করতে পারবেন।


